বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৭-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযান ০১: কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও সেবা প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান।
পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং দালালচক্রের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সরাসরি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলে। এ সময় প্রতীয়মান হয় যে, পাসপোর্ট সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে অফিসের বাইরে অবস্থানরত দালালচক্র সেবা গ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ বিষয়ে প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। এ ছাড়া ইস্যুকৃত পাসপোর্ট বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অনেক সেবা গ্রহীতা দীর্ঘদিন অপেক্ষা করেও পাসপোর্ট না পাওয়ার বিষয়টি টিমকে অবহিত করেন। অভিযানকালে পাসপোর্টের আবেদন গ্রহণ, ফিঙ্গারপ্রিন্ট প্রদান ও পাসপোর্ট বিতরণসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০২: জামালপুরের সরিষাবাড়ীতে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা ও চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগে অভিযান।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত জনসেবা হাসপাতাল লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালনা, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু এবং দালালের মাধ্যমে রোগী ভর্তি করে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে নিজেদের পরিচয় প্রকাশ করে হাসপাতাল পরিচালনার বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি, বিধায় এক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণের আবশ্যিকতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে যথাযথ সুপারিশপূর্বক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
অভিযান ০৩: ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা হয়রানির অভিযোগে অভিযান।
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের জাবেদা নকল সরবরাহ ও দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকদের সেরেস্তা, মহাফেজখানা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। একই সঙ্গে কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।অভিযানকালে উপস্থিত সেবা গ্রহীতাদের বক্তব্যে জানা যায়, দলিল নিবন্ধন ও জাবেদা নকল সরবরাহের ক্ষেত্রে দলিল লেখক সমিতির নামে দলিল লেখক, নকলনবিশ ও তল্লাশিকারকগণ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছেন। সার্বিক পর্যালোচনায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৪: ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নিলাম কার্যক্রমে দুর্নীতির অভিযোগে অভিযান।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও -এর বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ে জাল-জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান, সরকারি অর্থ আত্মসাৎ এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিত অংশগ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। পর্যালোচনায় হাসপাতালের তত্ত্বাবধায়কের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান উক্ত নিলামে বিজয়ী হওয়ায় নিলাম প্রক্রিয়ায় তাঁর প্রভাব বিস্তারের সম্ভাবনা ও স্বার্থের সংঘাতের (Conflict of Interest) বিষয় রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।