বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবের ব্যাপক গরমিলের অভিযোগে নারায়ণগঞ্জের দুটি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ৬ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রতিষ্ঠান দুটি হলো জাহিন নীটওয়্যার্স লিমিটেড এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড। বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামালের প্রকৃত মজুত ও হিসাবের মধ্যে অসংগতি পাওয়ার পর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির বিষয়টি সামনে আসে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ানের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
অভিযানে জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিকভাবে উদ্ঘাটিত সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ কোটি ৬ লাখ টাকা।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটি বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল অনুমোদিত উৎপাদন কার্যক্রমে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করে থাকতে পারে। এ অভিযোগের ভিত্তিতে অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের সঙ্গে সরেজমিন মজুতের তুলনা করা হয়। এতে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়। এর মধ্যে জাহিন নীটওয়্যার্স ও জামাল উদ্দিন টেক্সটাইলসের বিরুদ্ধে পাওয়া তথ্যের পরিমাণ প্রায় ৭৪ কোটি ৬ লাখ টাকা।
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে সরবরাহ করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। এতে বৈধভাবে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতাও নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটি থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করা হয়েছে। এসব নথিপত্রের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।